অদ্য (১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.), বুধবার, সকাল ১০.০০ ঘটিকায়, পুলিশ ট্রেনিং স্কুল, আরপিএমপি, রংপুরে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুঃ মাহবুবুর রশীদ, পুলিশ কমিশনার (ডিআইজি), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের নির্বাচনি আইন, আচরণবিধি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পর্কে যথাযথ ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী—প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, নির্বাচনের পূর্বে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সম্ভাব্য ঝুঁকি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পূর্বপ্রস্তুতি এবং প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা গুরুত্বপূর্ণ। নির্বাচনকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নির্বাচন-পরবর্তী সময়ে ফলাফলকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ও সতর্ক অবস্থান বজায় রাখার জন্যও তিনি নির্দেশনা দেন।
পুলিশ কমিশনার আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, পেশাদারিত্ব, দৃঢ়তা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি নির্বাচনি দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ, দায়িত্বস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংশ্লিষ্ট নীতিমালা মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, মানবিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আসন্ন নির্বাচনসহ সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জননিরাপত্তামূলক কার্যক্রমে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।